নিম্নমানের কাজের অভিযোগ

কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই নতুন সড়কে ধস

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৫ মে, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৩:৩৪ পিএম
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই নতুন সড়কে ধস
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় নির্মিত একটি ব্রীজের সংযোগ সড়কের অংশ সামান্য বৃষ্টিতেই ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে এবং আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। এ ঘটনায় নির্মাতা ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (৫ মে) সকালে সরেজমিনে ওই ব্রীজ এলাকায় গিয়ে দেখা গেছে , ব্রীজের দুই পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এত অল্প সময়ের মধ্যে সড়ক ধসে পড়েছে। স্থানীয় ধীরেন্দ্র সরকার বলেন, ব্রীজ ও নতুন সড়ক দেখতে ভালই লাগছিল। কিন্তু এমন কি দিয়ে রাস্তা তৈরি করেছে একমাসও টিকলোনা।ওই ঠিকাদারের শাস্তি হওয়া উচিত। উপজেলার সফিপুর – বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল বীজেস প্রকল্পের আওতায় ৫৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল গত ১৫ ডিসেম্বর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সংযোগ সড়ক ধসে পড়ায় নির্মাতা প্রতিষ্ঠানে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পরিবহন চালক ও পথচারীরা জানান, ধসে পড়া অংশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার কাজ শুরু করা সহ নির্মাণে অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, “অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। তবে কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে দ্রুত ধসে পড়া অংশ পুনরায় সংস্কার করানো হবে।” অভিজ্ঞ মহলের দাবী সরকারি টাকায় নির্মিত এই প্রকল্পের ত্রুটি বিচ্যুতি বের করতে হবে। দায়ী ব্যাক্তিদের আইনের আওতায় আনতে হবে। তাহলে দুর্নীতি গ্রস্থরা এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কাজ করবে। 
আপনার জেলার সংবাদ পড়তে