গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ২ হাজার ৮'শ জন কৃষকের মাঝে ধান বীজ, হাইব্রিড মরিচ বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও মরিচ (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সহায়তা দেয়া হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ বাছেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার প্রমুখ। এছাড়া কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস সূত্র জানায়, উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ২ হাজার ৮'শ জন কৃষকের মাঝে প্রত্যেককে বিঘাপ্রতি বিনামূল্যে ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সহায়তা এবং মরিচ (হাইব্রিড) ফসলের ক্ষেত্রে প্রতি ১০ শতক জমির জন্য কৃষক প্রতি ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক সহযোগিতা প্রদান করা হয়েছে।