রাজধানীর দারুসসালাম টাওয়ারের সামনে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মোঃ হান্নান আকন্দ নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করেছে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিকে এলাকাবাসী উদ্ধার করে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়াদী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। জানাগেছে আহত হান্নান এস এ খালেক আবাসিকের বাসিন্দা মোঃ জাহিদ হোসেনের গাড়ি চালক। আহত হান্নান জানান সম্প্রতি অজ্ঞাতনামা কিছু ব্যক্তি আমাকে চাঁদা দাবি সহ হত্যার উদ্দেশ্যে হুমকি দেয়। সেই ব্যাপারে আমি দারুস সালাম থানায় একটা জিডি করি। তার জের ধরে আজ সকালে অজ্ঞাতনামা ব্যক্তিসহ এলাকার কিছু সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল হোসেন জানান হান্নান নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে শুনেছি। লিখিত অভিযোগ দিলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।