নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় আড়াই কাঠা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাদ্দাম হোসেন গোপালপুর পৌরসভার মহিষাখোলা এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাত ভাই আবু সাঈদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে) সন্ধ্যা প্রায় ৬টার দিকে আড়াই কাঠা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাদ্দামের সঙ্গে তার চাচাতো ভাই লালন ও বানিয়ামের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, লালন ও তার শ্বশুরবাড়ির লোকজন সংঘবদ্ধভাবে সাদ্দামের ওপর হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন সাদ্দাম হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।