রাজশাহীতে এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর লক্ষিপুর এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মোঃ মাসুদ রানা অভিযোগ করেন, ২০২০ সালে রাজশাহী উপশহর ক্যান্টনমেন্ট মার্কেটের একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় মাফরোজা বেগম (৩৬) তার সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিয়ে ২০২২ সালের জুলাই মাসে তার কাছ থেকে ৪০ লাখ টাকা নেন। লাভের ৫০ শতাংশ দেওয়ার কথা থাকলেও টাকা নেওয়ার পর থেকে তিনি যোগাযোগ এড়িয়ে যেতে থাকেন।
মাসুদ রানা বলেন, “টাকা ফেরত চাইলে তিনি বারবার সময়ক্ষেপণ করেন। পরে বাধ্য হয়ে চেক ডিজঅনার করে ২০২৫ সালের ১৭ আগস্ট উকিল নোটিশ পাঠাই এবং চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা দায়ের করি।” তিনি অভিযোগ করেন, টাকা না দেওয়ার জন্য উল্টো তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, সম্প্রতি তার বিরুদ্ধে মারধর ও লুটপাটের অভিযোগ এনে থানায় অভিযোগ করা হলেও তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরও সংশ্লিষ্ট থানায় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত অপর ভুক্তভোগী জিনাত জাকিয়া সুলতানা সুমি জানান, একই কৌশলে তার কাছ থেকেও ৬ লাখ টাকা নেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আবদুল কাইউম নামে আরেক ভুক্তভোগী ১০ লাখ টাকা দেওয়ার অভিযোগ করেন। তারা সবাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
মাসুদ রানা বলেন, “আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলেও তিনি টাকা ফেরত দিচ্ছেন না। বরং আমাকে ফাঁসাতে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছেন।” অভিযোগের বিষয়ে মাফরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” বিস্তারিত জানতে চাইলে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।