পটুয়াখালীর কলাপাড়ায় ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ, সরকারি খালের ইজারা বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি যে মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন, সদস্য আবুল কালাম প্রমুখ।
প্রতিবছরের মতো এবারও কৃষকরা চাষকরে ঋনগ্রস্থ হয়ে পড়েছে। এর প্রধান কারন সিন্ডিকেট। ধান কেনায় সিন্ডিকেট, ধান কাটায় হারবেষ্টর মেশিন সিন্ডিকেট, সরকারি সহায়তায় দলীয়করণ, ও সরকারি সহায়তা ও প্রণোদনা প্রকৃত কৃষকরা না পেয়ে মধ্যসত্ত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে। তাই প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে তারা কৃষকদের রক্ষার দাবি করেন।
সমাবেশ শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন কৃষকরা।