লক্ষ্ণীপুরের কমলনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় বিরোধী দলকে উদ্দেশ্য করে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেছেন, আওয়ামী লীগের মতো গলা চেপে না ধরে, হরতাল-অবরোধের বিরোধিতা করুন
তিনি বলেন, ২৪-এর চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমলনগরের উন্নয়নের স্বার্থে জামায়াত-বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সকল মতাদর্শের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (৬ মে) সকাল ১১টায় কমলনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখনও সুযোগ আছে-সহ্য করে একে অপরের কথা শুনুন, ধৈর্য ধরুন এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এলাকার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নকে বাধাগ্রস্ত না করে জনগণের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, এসপি সার্কেল (কমলনগর-রামগতি) সামছুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়নের ডিজিএম নুরুল ইসলাম, হাজিরহাট মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ নিজান শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ‘শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি’ গঠনের কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, এসব কমিটিতে শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল মানসিকতার গুণী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি বিকাশের এই যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে ইতিবাচক চিন্তাধারার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও ইতিবাচক মূল্যবোধের চর্চা বাড়াতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে।
অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণসহ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।