বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে একযোগে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ যেন না হয়। ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। শহীদ জিয়ার রেখে যাওয়া সংগঠন নিয়ে আমরা রাজনীতি করছি। শহীদ জিয়ার মতই আমাদের কাজ করতে হবে। আগামী স্থানীয় নির্বাচন গুলিতে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। বুধবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর পোরশা উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কথাগুলি বলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিএনপির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করেছে। এখন করছেন। বর্তমান সময়ে জামায়াতও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং একযোগে কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা আব্দুল জব্বার, আব্দুর রাকিব, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবউল হোসেন বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ, ইউএনও রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বৃষ্টি ও উজানের ঢলে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ১৬বিজিবি নিতপুর বিওপি সদস্যদের সাথে সীমান্তে সতর্কতার সাথে কাজ করার জন্য বলেন।