গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে এক মাস করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই মাদকসেবীকে এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের রোমান নামে দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষদের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো.রোমান ও একই এলাকার আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে ১ মাস করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরোধী কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক বিক্রি করবে,তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।