রাতেই বজ্রসহ বৃষ্টির আভাস, ৮ জেলায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৬:০৪ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৬:০৪ পিএম
রাতেই বজ্রসহ বৃষ্টির আভাস, ৮ জেলায় সতর্কতা

দেশজুড়ে টানা বৃষ্টির কারণে গরমের তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে এর মধ্যেই দেশের কয়েকটি অঞ্চলের জন্য ঝড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নেত্রকোণায় সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নওগাঁর বাদলগাছীতে ৪৮ মিলিমিটার, ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায়ও ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সময়ের শেষদিকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলেও সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আভাস দেওয়া হয়েছে। সেখানে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রঝড়ের ঝুঁকি এখনো কাটেনি। বিশেষ করে উপকূলীয় ও নদীবন্দর এলাকায় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে