২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসকে সামনে রেখে আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি হবে বর্তমান সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অধিবেশনের প্রথম দিনই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট অধিবেশন হওয়ায় এটি দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কতদিন অধিবেশন চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। একই সঙ্গে সাতটি সংসদীয় কমিটিও গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও এবং অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়। পরে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে এবং নতুন সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন বসে। এবারের অধিবেশনেও সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য এবং নতুন অর্থবছরের ব্যয় কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।