দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য মজুদ নিরাপদ রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের সংগ্রহ অভিযান কৃষকদের উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ( ভূমি) মহিবুল্লাহ আকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিবসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২২ মেট্রিক টন, যার প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। পাশাপাশি সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ৩ হাজার ৫৩৩ মেট্রিক টন, যার নির্ধারিত মূল্য প্রতি কেজি ৪৯ টাকা।
তিনি আরও জানান, এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের মাধ্যমে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হবে। স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সরকার নির্ধারিত দামে সরাসরি ধান বিক্রির সুযোগ থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ মেটাতে সহায়ক হবে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।