মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে স্থানীয় এলাকায় কিছুটা ভীতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান হাসপাতালের পাশে বিক্রমজিতের বাসার পেছনের একটি বাঁশঝাড়ে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। হঠাৎ করে এমন বড় সাপ দেখে হাসপাতালের কর্মচারী ও আশপাশের মানুষজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি বিক্রমজিতের ছেলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়। তারা দক্ষতার সঙ্গে অজগর সাপটি উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে সাপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে বেরিয়ে এসে ওই বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিল। উদ্ধারকৃত অজগরটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, “সন্ধ্যার দিকে অজগরটি আমাদের অফিসে নিয়ে আসা হয়। আমরা এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে ২ থেকে ৩ দিন পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রম মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।