১৬ মে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান। এসময় পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নেতা ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট অংশীজন। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেন,চাঁদপুরবাসীর উন্নয়ন তুলে ধরতে প্রধানমন্ত্রীর এই সফরের সকল আয়োজন হতে হবে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশ। প্রধানমন্ত্রীর আগমনে শহরে কোন গেইট, তোরণ,অমুক ভাই তমুক ভাই ছবি সম্বলিত কোন কিছু এবং হোন্ডা র্যালি থাকতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করবেন। এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেছিলেন। এরপর চাঁদপুর সদর উপজেলায় বিশ্ব খাল ফলন কাজের উদ্বোধন করবেন। হাজিগঞ্জ শাহরাস্তিতে এবং চাঁদপুর শহরে প্রধানমন্ত্রীর পৃথক দুটি জনসভাসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, দলীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং সুধী সমাবেশ হবার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের ইশতেহার ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশব্যাপী বড় পরিসরে খাল খনন এবং ফ্যামিলি কার্ড (পারিবারিক কার্ড) বিতরণ কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচিগুলো গ্রামীণ অর্থনীতি, কৃষি উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। এরই অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী যেসব এলাকায় সফর করবেন, সেখানে খাল খনন ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়াও, খালের জায়গা দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রীর আগমন এবং প্রোগ্রামগুলো যাতে সুন্দর হয় এবং চাঁদপুরবাসী তাদের উন্নয়নমূলক কাজগুলো প্রধানমন্ত্রীর মাধ্যমে আদায় করে নিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, চাঁদপুর সেচ প্রকল্প, মেঘনা- ধনাগোদা সেচ প্রকল্প আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এই দুটি সেচপ্রকল্প আমরা রিভিউ করবো। এছাড়া চাঁদপুর শহর রক্ষা বাঁধ সংরক্ষণ প্রকল্প এবং মেঘনা ধনগোদা প্রকল্পের উন্নয়ন কাজগুলো সঠিক মানে হয় কিনা এ বিষয়টি নিশ্চিত রাখতে হবে। পরে পানি সম্পদ মন্ত্রী চাঁদপুর সদরের এমপির সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ মাঠের জনসভা স্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।