বাগেরহাটের শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অগ্রদূত ট্রেনিং সেন্টারে উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (গওচঝ) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায় এই সভা বাস্তবায়িত হয়। পিএফজির অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা ওয়ায়দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী মো. বদরুজ্জামান আবু, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক আসমা আক্তার, সাংবাদিক মো. মহিদুল ইসলাম, সাংবাদিক সাবেরা ঝর্না সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহিংসতা নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা মত প্রকাশ করেন যে, শরণখোলা উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় গৃহীত কর্মপরিকল্পনায় দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। সভা শেষে সকল অংশগ্রহণকারী শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা নিরসনে অঙ্গীকারাবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।