বাগেরহাটের শরণখোলায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং চাঁদাবাজির অভিযোগে নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান মাহমুদুল হাসান। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা প্রেস ক্লাবে আয়োজিত এই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন গাজী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাহমুদুল হাসান বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার চিকিৎসা কার্যক্রম নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, গত ৪ মে বাগেরহাট জেলা সদর থেকে আসা সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি রায়েন্দা বাজারে তাঁর ফিজিশিয়ান চেম্বারে আসেন এবং পেশাগত কার্যক্রমের বৈধতার প্রমাণ চান। এ নিয়ে ওই সংবাদকর্মীরা তাঁর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে ওই ব্যক্তিরা তাঁকে বিভিন্ন বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় মাহমুদুল হাসান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু অনলাইন পোর্টালে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানের দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন, তাঁর চেম্বারে ঘটে যাওয়া ওই অপ্রীতিকর ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে।