যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। বর্তমানে আকাশ পথে রয়েছে নাহিদার লাশ। ঢাকায় আগামীকাল শনিবার সকালে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুেলটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।