শিক্ষামন্ত্রীর আচরণে ‘উগ্র মনোভাব’ প্রকাশ পায়, ভাষা ঠিক করার আহ্বান জুলাইযোদ্ধার

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৮ মে, ২০২৬, ১২:২২ পিএম
শিক্ষামন্ত্রীর আচরণে ‘উগ্র মনোভাব’ প্রকাশ পায়, ভাষা ঠিক করার আহ্বান জুলাইযোদ্ধার

জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মন্ত্রীর ভাষা ও আচরণে সংযম আনার আহ্বান জানান।

মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রীর কথাবার্তা ও আচরণে এক ধরনের ‘উগ্র মনোভাব’ প্রকাশ পায়। তার ভাষায়, “উনি এমনভাবে কথা বলেন যেন তিনিই একমাত্র সৎ ব্যক্তি, আর বাকিরা সবাই ভুল বা অসৎ। আমি মনে করি, তার নিজের ভাষা ও আচরণ আরও উন্নত করা উচিত।”

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে মেহেনাজ বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দুই দিন আগে এক বক্তব্যে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা জঙ্গি প্রডিউস করবে। প্রথম কথা হচ্ছে, ১৮ তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামত তাহলে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা চিন্তা করেন।’

তিনি বলেন, ‘যখন এহসানুল মিলন সাহেব এ কথাটা বললেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে। আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা হচ্ছে তার নিজের শিক্ষা নিয়ে। আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ল্যাংগুয়েজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে করেন?’ 

‘টেরোরিস্টের কোনো বাবা-মা নেই, কোনো সোসাইটি নেই, কোনো ইনস্টিটিউশন নেই। একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনে জাজ করতে পারেন না। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নেই, আমাদের তো ডাকসু নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু  আমরা আপনারা দেখেছেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করেছিল’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে