জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের এক কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বললেন, “বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল জনগণ। আপনারা সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।”
গোলাম পরওয়ার প্রশ্ন রেখে বলেন, “বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি উন্নয়ন হবে না?”
জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে- অভিযোগ করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করুন।
ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’
দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।