সাম্প্রতিক ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তা, পুনর্বাসন এবং হাওরের জলাশয় ইজারা বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রায়পাড়াস্থ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেব সভাপতিত্ব করেন এবং যুগ্ম আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু অনুষ্ঠান পরিচালনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, স মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া এবং সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অথচ টেকসই পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের অভাবে এ সংকট ক্রমেই তীব্র হচ্ছে। তারা হাওরাঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তা ও পুনর্বাসন, কৃষকদের সব ধরনের ঋণ মওকুফ, হাওরের জলাশয়ের ইজারা বাতিল, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির বিচার, নদ-নদী ও খাল-বিল খনন, অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা উচ্ছেদ, কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং হাওরের ভূমিহীন কৃষকদের মধ্যে খাসজমি বণ্টন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দাবিসমূহ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।