দর্শকের আবেগ, পারিবারিক টানাপোড়েন আর সম্পর্কের বাস্তব গল্প দিয়ে আলোচনার কেন্দ্রে থাকা ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হলো নতুন রেকর্ড গড়ে। শুক্রবার (৯ মে) ৫২তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় এই সিরিজ। তবে বিদায়টাও ছিল ব্যতিক্রমী। সাধারণ সময়ের পরিবর্তে দর্শকদের জন্য আনা হয় ৯২ মিনিটের বিশেষ সমাপনী পর্ব, যা প্রকাশের পরপরই ঝড় তোলে ইউটিউবে।
বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া শেষ পর্বটি মাত্র ৮ ঘণ্টা ১৫ মিনিটে ৮ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে। বাংলাদেশের ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে এটিকে নতুন মাইলফলক হিসেবেই দেখছেন অনেকে। এর আগেও ধারাবাহিকটির একাধিক পর্ব কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়িয়ে আলোচনায় আসে। ৩০তম পর্ব প্রকাশের মাত্র ৩৫ মিনিটেই মিলিয়ন ভিউ পার হওয়ার রেকর্ড গড়েছিল।
২০২৫ সালের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন সম্প্রচারের পর প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে মুক্তি পেত নতুন পর্ব। শুরু থেকেই পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, অভিমান আর বাস্তব জীবনের জটিলতাকে ঘিরে নির্মিত গল্পটি দর্শকদের আবেগের জায়গা দখল করে নেয়।
ধারাবাহিকটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এটা আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।”
শেষ পর্ব প্রচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টও দেন রাজ। সেখানে তিনি লেখেন, “ভালোও লাগছে আবার ভীষণ খারাপও লাগছে। তবে আপনাদের এত এত ভালোবাসা আজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে।”
পাশাপাশি দর্শক, টিম সদস্য, স্পন্সর এবং সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রাজ লেখেন, “এই যাত্রায় যারা পাশে ছিলেন প্রিয় দর্শক, স্পন্সর রিন, চ্যানেল আই, সকল সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার পুরো টিমের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
সবশেষে তিনি ইঙ্গিত দেন নতুন কাজেরও। লেখেন, “হয়তো আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে, ‘ফিরে আসার গল্প’।”
পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সামাজিক ও পারিবারিক বাস্তবতায় নির্মিত হয়েছিল ‘এটা আমাদেরই গল্প’। তবে নির্মাণশৈলী, সংলাপ ও আবেগের জায়গায় আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।
গল্পের কেন্দ্রে ছিল চারটি চরিত্র, ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। ফাহাদ চরিত্রে অভিনয় করেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে ছিলেন খায়রুল বাসার। মেহরীন চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে অভিনয় করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, ডিকন নূরসহ আরও অনেকে অভিনয় করেছেন ধারাবাহিকটিতে।
ধারাবাহিকটির টাইটেল সংও পেয়েছে আলাদা জনপ্রিয়তা। গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর।
টেলিভিশন ও ইউটিউব, দুই মাধ্যমেই বিপুল দর্শকপ্রিয়তা পাওয়া ‘এটা আমাদেরই গল্প’ দেখিয়ে দিয়েছে, শক্তিশালী গল্প আর আবেগঘন নির্মাণ এখনও দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারে। শেষ হলেও দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে এই পরিবারের গল্প।