‘অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি’

এফএনএস বিনোদন | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৩:৩৫ পিএম
‘অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি’

লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। দেশের ২৩টি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। প্রযোজনা করেছে মৃত্তিকা ছবিঘর।

মুক্তির দিন সিনেমাটির হলসংখ্যা ও প্রদর্শনী নিয়ে কথা বলেছেন প্রযোজক মীর জাহিদ হাসান। তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও চলছে ছবিটি।

প্রথম আলোকে মীর জাহিদ হাসান বলেন, “ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঐতিহ্যবাহী মধুমিতা, আজাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি দিয়েছি।”

হল বাছাই প্রসঙ্গে তিনি আরও বলেন, “অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।”

সিনেমাটির গল্পে উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রাম, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। নির্মাতাদের ভাষ্য, লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিনেমার মাধ্যমে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। শুরুতে ছবিটির নাম ছিল ‘পুলসিরাত’। তবে শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পর নাম নিয়ে আপত্তি ওঠে। পরে পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।

রোশান ও বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে