সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিদায়ী ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয় এবং প্রাক্তন কমিটির নেতৃবৃন্দকে তাঁদের বিগত দিনের সফল নেতৃত্বের জন্য বিশেষ সম্মাননা ও বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি মো. আমানুল্লাহ তাঁর বক্তব্যে সংগঠনের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষক সমাজের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, মো. এনামুল হক এবং জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম। তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ এবং কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল মালেক গাজী বলেন, "শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা কমিটি সর্বদা সাধারণ শিক্ষকদের পাশে থাকবে।" বক্তারা বর্তমান সময়ে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে উপস্থিত সকলেই নবগঠিত কমিটিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।