ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে ধর্ষনের চেষ্টা অভিযোগের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে খালিশপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে একইদিন বেলা ১১টার দিকে মহেশপুর থানায় এসে মামলাটি করেন তানিয়া খাতুন নামের এক গৃহবধূ। তানিয়া খাতুন নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন। অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলা এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটার পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে ধর্ষনের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলে সে পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে একজন নারী ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সে মামলায় তাকে আটক করা হয়েছে।