বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:১৯ পিএম
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড
রাজশাহীর বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। শনিবার (০৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও মাটি পরিবহন করা হচ্ছিল। এতে গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় কৃষিজমি ক্ষতির মুখে পড়ে। শনিবার অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে থাকা একটি ভেকু মেশিনও অকেজো করা হয়। স্থানীয় কৃষকরা জানান, অবৈধ পুকুর খননের কারণে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে। ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবাদি জমির উর্বর মাটি কেটে নেওয়ায় ধান, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া পুকুর খননের কারণে জমিতে পানি ধরে রাখার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে