রাজশাহীতে চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৯ মে, ২০২৬, ০৭:২১ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:২১ পিএম
রাজশাহীতে চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটার গুলো পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিদ হাসান। তার বাড়ি চড়িয়া মধ্যপাড়া গ্রামে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জেলা পুলিশ এ অভিযান চালায়। এ সময় রাশিদ হাসানের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। রাশিদ হাসান বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলেন। চুরির পর তিনি ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে মিটারগুলো লুকিয়ে রাখতেন। আর যেখানে মিটার লাগানো থাকত সেখানে নিজের মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে যেতেন। পরবর্তীতে মিটার মালিকেরা মিটারের জন্য যোগাযোগ করলে রাশিদ প্রতিটি মিটারের বিপরীতে সাত হাজার টাকা করে দাবি করতেন। সাবিনা ইয়াসমিন জানান, মালিকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তি মিটারগুলোর অবস্থান জানাতেন। এমন একটি ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তি বাগমারা থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ সিরাজগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে তার দেখানো বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাশিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
আপনার জেলার সংবাদ পড়তে