লালপুরে হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, কারাদণ্ড

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:৫৭ পিএম
লালপুরে হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, কারাদণ্ড

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় হ্যাকিং কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী ও এএসআই আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। শনিবার (৯ মে ২০২৬) রাত ১টা ১০ মিনিটে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিং ও অনলাইন প্রতারণার সময় ৩জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের দোয়াবর আলীর ছেলে রাজন আলী (৩১), রাজশাহীর বাঘা উপজেলার চকে নায়ের গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আহাদ আলী (১৯), তুহিন আলীর ছেলে তুষার আলী (২০)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) লালপুর থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাতেনাতে আটক করা হয় মাদক সেবী মোঃ হাবিব (৬০)-কে। তিনি উপজেলার বালিতিতা ইসলাম এলাকার বাসিন্দা এবং মৃত হাজের প্রাংমানিকের পুত্র। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবীর হোসেন তাকে মাদক সেবনের অপরাধে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে