গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাগচালা, বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি পিকআপ ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছিল। রোববার ভোরে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি বাগচালা এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে গরু চুরির অভিযোগ তুলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ব্যবহৃত পিকআপ ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে জনতা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। তারা পালিয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।