র‌্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৫:৪৫ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৫:৪৫ পিএম
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে পুলিশ সপ্তাহের কার্যক্রম। রোববার  বিকেল ৩টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও  সুশৃঙ্খল  র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখযোগ্য চেকপোস্টগুলো হলো-

নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা ( মৌলভীবাজার সড়ক), ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়ক (বিজিবি ক্যাম্প সংলগ্ন) এলাকা, বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে ( হবিগঞ্জ সড়ক)। এছাড়াও শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়। দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।” শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহজুড়ে সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল ও জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে