ঈদ সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু সোমবার, তেলের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৮:২১ পিএম
ঈদ সামনে রেখে টিসিবির ট্রাকসেল শুরু সোমবার, তেলের দাম বেড়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, টিসিবি। সোমবার (১১ মে) থেকে সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। তবে এবার ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের বাজার চাপ কমানো এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত, শুক্রবার বাদে, মোট ১০ দিন এ কার্যক্রম চলবে।

টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ সময়ে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষকে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য দেওয়া হবে। যেকোনো ভোক্তা ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন।

সংস্থাটির নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবির তথ্যমতে, ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি ট্রাক চলবে। এছাড়া অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

এদিকে নিয়মিত কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রমও চলবে। চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

টিসিবির কর্মকর্তারা বলছেন, ঈদের আগে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ব্যয়ও বাড়ে। সেই চাপ কমাতে সরকার ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রেখেছে। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় পর্যায়েও সমন্বয় করতে হয়েছে।

এর আগে রমজান উপলক্ষে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছিল। এবার সেই দাম বেড়ে ১৩০ টাকায় পৌঁছালেও চিনি ও মসুর ডালের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে