ছিনতাইকারীদের চেনা বড় দায়। একেক সময় এক এক রকম রূপ ধারণ করে। মাঝে মাঝেই শোনা যায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে কেউ না কেউ।তবে এবার মেহেরপুরে "শয়তানের নিঃশ্বাস" নামে পরিচালিত প্রতারণার কৌশল ব্যবহার করে আনোয়ারা খাতুন নামের এক মহিলার নগদ টাকা ও স্বর্ণের দুল ছিনতাই করেছে প্রতারক চক্রটি। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায়। আনোয়ারা খাতুন নামের ঐ ভুক্তভোগী নারী মেহেরপুর শহরের স্টেডিয়ামের পাড়ার ইয়ালিদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দিন যত যাচ্ছে চুরি-ছিনতাই বেড়েই চলেছে।পথে-ঘাটে বেরিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়।শহরের দিকে অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।আমরা মাঝে মাঝে শুনতে পাই বাসের ভিতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অনেকের টাকা খোয়া যায়।আজ "শয়তানের নিঃশ্বাস" নামের একটি প্রতারক চক্র আনোয়ারা খাতুন নামের এক নারীর কাছ থেকে নগদ ৫০০ টাকা ও স্বর্ণের দু'টি দুল ছিনতাই করে পালিয়ে যায়।তবে এই চক্র বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ছিনতাইগুলো করছে।
আনোয়ারা খাতুন নামের ওই ভুক্তভোগী নারী বলেন, আজ দুপুরে কারেন্টের বিল দেওয়ার জন্য মেহেরপুর শহরের হোটেল বাজারে আসি।এ সময় এক অপরিচিত ব্যক্তি আমার সাথে কথা বলা শুরু করে।কথা বলতে বলতেই ওই ব্যক্তি একটি পাউডার যুক্ত কিছু আমার কাছে ধরে।এর পরেই আর আমি কিছুই বুঝতে পারিনি।এই সুযোগে সে আমার কাছে থাকা নগদ ৫০০ টাকা এবং কানে থাকা দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে দ্রুত সটকে পড়ে।পরে স্থানীয়দের সহযোগিতা আমি কিছুটা স্বাভাবিক হলেও হারাতে হয় ৫০০ টাকা ও স্বর্ণের দু'টি দুল।
তিনি আরও বলেন, রাস্তাঘাটে বেরিয়ে কখনো নিরাপত্তা নেই।পথে কখন কি ঘটে যায় তা বলা মুশকিল।প্রশাসনের কাছে বিনীত অনুরোধ অতি দ্রুত এই চক্রটিকে ধরে আইনের আওতায় আনতে হবে।আমার মত আর যেন কেউ এমন সমস্যার সম্মুখীন না হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, দুপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র ঠেকাতে মেহেরপুর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।সকলেরব প্রতি আহ্বান অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোন কিছু গ্রহণ না করার জন্য।সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।আর প্রতারক চক্রটিকে ধরতে গোয়েন্দা পুলিশ মাঠে কাজ করছে।