কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত খাদেম কামাল হোসেন (৪০) উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। শনিবার রাতে উপজেলার মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফে প্রতিবছর বৈশাখের ২৯, ৩০ এবং ১ জ্যৈষ্ঠ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশ মোবারককে সামনে রেখে চলছিল বিভিন্ন আয়োজনের প্রস্তুতি। বিচারকের সামনে বিচারপ্রার্থীর আত্মহত্যাচেষ্টা
জানা গেছে, ওরশকে কেন্দ্র করে দরবার এলাকায় একটি মেলা বসে। আর সেই মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে ওই মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দাবি, আসন্ন ওরশ শরীফ ও মেলার কমিটি নিয়ে বিরোধের কারণেই তার ওপর হামলা হতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার বোন রিতা খাতুন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের হাড় ছিনিয়ে নেওয়া হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।