চবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রামুর মোরশেদুল হক

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ১২:১৭ এএম
চবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রামুর মোরশেদুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের  অধ্যাপক ও রামুর কৃতি সন্তান  মোরশেদুল হক সোহেল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশের মধ্যমে তাঁকে এ নিয়োগ দেয়া হয়। রবিবার (১০মে) দুপুরে বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন। এর আগে গত তিন বছর বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর প্রফেসর মোরশেদুল হক সোহেল বলেন: “আমি এই বিভাগের একজন প্রাক্তন ছাত্র। এখান থেকে পড়াশোনা শেষ করে এখানকার শিক্ষক মনোনীত হয়েছি। আজ নিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভাগের সম্মানিত শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন: “যাত্রা শুরু থেকে লোকপ্রশাসন বিভাগ সেশনজটমুক্ত বিভাগ হিসেবে সুপরিচিত। আমি এই সুনাম ধরে রেখে বিভাগকে আরও এগিয়ে নিতে চাই। দায়িত্ব পালনে শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।” প্রফেসর মোরশেদুল হক সোহেল রামুর কাউয়ারখোপ ইউনিয়নের আব্দুল হাকিম সিকদার বংশের মাস্টার মোক্তার আহমদ ও নুর নাহার বেগমের সন্তান। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তিনি কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রামু সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) সম্পন্ন করেন। তিনি ২০১০ সালে চবির লোকপ্রশাসন বিভাগে প্রভাষক  হিসেবে যোগ দেন । সম্প্রতি সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যপনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত।

আপনার জেলার সংবাদ পড়তে