খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলীয়া সাহা পাড়ায় গৌতম সাহাসহ কয়েকটি পরিবারের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
জানা গেছে, প্রতিবেশী দীপঙ্কর সাহার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিরোধপূর্ণ জমিতে বেড়া ও পিলার দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি পরিবার মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন চলাচল, জরুরি প্রয়োজনে যাতায়াত এবং শিশু ও বৃদ্ধদের চলাফেরায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি ফিরে পেতে দীপঙ্কর সাহা থানায় মামলাও করেছেন। তবে এলাকাবাসীর দাবি, এই রাস্তা প্রায় ৮০ থেকে ৯০ বছরের বেশি সময় ধরে নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে। তাই সাধারণ মানুষের চলাচলের অধিকার আইনগতভাবেও প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা মনে করছেন। আইন বিশেষজ্ঞদের মতে, সুখাধিকার আইন, ১৮৮২ অনুযায়ী কোনো রাস্তা যদি দীর্ঘদিন-বিশেষ করে ২০ বছরের বেশি সময় ধরে নিয়মিত ব্যবহৃত হয়ে থাকে, তবে সেই পথে চলাচলের আইনগত অধিকার সৃষ্টি হতে পারে। একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।