কাউখালীতে পারিবার কলহের কারণে এক জেলে আত্মহত্যা করেছে। উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান ওই গ্রামের হোসেন খানের ছেলে। পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে হানিফ খান বাড়ির পাশের নদীর তীরে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার বোন নদীর তীরে গাছের সঙ্গে হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। এ বিষয়ে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।