মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এসময় দিবসটির প্রতিপাদ্য 'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন'- তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আকাশ নুনিয়া, সার্জারি কনসালটেন্ট ডা. অশোক ঘোষ এবং অ্যানেসথেসিয়া বিভাগের ডা. সোহানা ফেরদৌস। অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার নিশি রঞ্জন চক্রবর্তী ও বশিরুন্নেছা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সরা স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান চালিকাশক্তি। মানবিক ও আন্তরিক সেবার মাধ্যমে তারা স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলছেন। বক্তারা নার্সদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি ঘিরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। নার্সদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।