টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন কৌশল ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ব্র্যাক রিজিওনাল অফিসে ১১ মে সোমবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৌ-চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড. নিবিড় কুমার সাহা। প্রোগ্রাম পরিচালনা করেন কৃষিবিদ মো: হযরত আলী। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার আগ্রহী ৫০ জন মৌ-চাষি এতে অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষকগণ মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ ছাড়া মৌ-চাষকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, মৌমাছি পালন একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। অল্প পুঁজিতে এই খাতে সফল হওয়া সম্ভব। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।