ইসলামপুরে ফিলিং স্টেশনে জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৫:১২ পিএম
ইসলামপুরে ফিলিং স্টেশনে জরিমানা, ম্যানেজারকে কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির অনিয়মের অভিযোগে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত একই সাথে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিজানকে ১মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত ও বিক্রির ক্ষেত্রে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ছিল। ঐদিন ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল মজুত পাওয়া যায়। ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ার জানান, দুইটি ডিওতে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ২৬ হাজার লিটার তেল থাকার কথা ছিল। কিন্তু ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে পান মাত্র ১৩ হাজার ২০০ লিটার জ্বালানি তেল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ঝর্ণা ফিলিং স্টেশনকে আরও ৫০ হাজার টাকা মোট ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে