হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে দীর্ঘদিন ধরে সার্ভেয়ার পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। জমিজমা সংক্রান্ত নানা কাজের জন্য প্রতিদিন শতাধিক মানুষ অফিসে এলেও সার্ভেয়ার না থাকায় অধিকাংশ কাজই আটকে যাচ্ছে।
জানা গেছে, জমি পরিমাপ, সীমানা নির্ধারণ, নামজারি তদন্ত, খাস জমি যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সার্ভেয়ারের প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই পদে কোনো কর্মকর্তা দায়িত্ব পালন না করায় সেবাগ্রহীতাদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। ফলে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি জমি পরিমাপ বা তদন্তের জন্য আবেদন করলেও মাসের পর মাস ঘুরতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি লোকজনের সহায়তা নিচ্ছেন, এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। স্থানীয় বাসিন্দা তোফায়েল জানান জমির নামজারির জন্য অনেক দিন আগে আবেদন করেছি। এখনো কোনো সার্ভেয়ার না থাকায় কাজ হয়নি। বারবার অফিসে এসে শুধু তারিখ পাচ্ছি।” আরেক সেবাগ্রহীতা লাভলী বেগম জানান, “ভূমি অফিসে এসে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সার্ভেয়ার নিয়োগ দিলে সাধারণ মানুষ উপকৃত হতো।”
অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সার্ভেয়ার পদটি শূন্য রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো নতুন কোনো নিয়োগ হয়নি। এদিকে দ্রুত সার্ভেয়ার নিয়োগ দিয়ে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, গুরুত্বপূর্ণ এই পদ দীর্ঘদিন শূন্য থাকায় সরকারি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সহকারি কমিশনার ভূমি মুজিবুল ইসলাম জানান আগের সার্ভেয়ার বদলী হয়ে অন্যত্র চলে গেছেন। এখনও নতুন কাউকে পদায়ন করেনি। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ আবুল হাসেম জানান মাধবপুরে দ্রুত সার্ভেয়ার পদায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুত একজন সার্ভেয়ার পদায়ন করবেন কর্তৃপক্ষ।