বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৪১ নম্বর উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস) আয়োজনে এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) ও এ-প্যাড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমে সার্বিক আর্থিক সহায়তা দিয়েছে জাপান সরকার। মহড়ায় শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয় - দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে ভবন ত্যাগের পদ্ধতি, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ছোটখাটো আগুন নিয়ন্ত্রণের কৌশল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক ও স্কাউটার মিজানুর রহমান, সিআইএসের প্রকল্প কর্মকর্তা গোলাম রসুল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা শাখার সদস্য সোহাগ হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দুর্যোগের মুহূর্তে আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তারা আরও বলেন, বিদ্যালয় পর্যায় থেকেই দুর্যোগ ব্যবস্থাপনার প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা জরুরি। এই মহড়ায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেরা যেমন সচেতন হবে, তেমনি পরিবারের সদস্যদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সিআইএস বাংলাদেশ দীর্ঘদিন ধরে শরণখোলা অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।