ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা টিনশেড ও সেমিপাকা দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ও চাপরতলা- কালিউতা সংলগ্ন সড়কের পাশ থেকে খাস জায়গায় নির্মাণকৃত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কালীউতা বাজারে খাস খতিয়ানভূক্ত ভূমিতে টিনশেডের দোকান ও সেমিপাকা দোকান ঘরসহ নির্মাণ করা হয়। সেখানে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে ও নাসিরনগর থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ২১ টি অবৈধ স্থাপনা টিনশেডের দোকান ও সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়। স্থানীয়রা অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তারা অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সহকারি কমিশনার ভূমি সাহেল আহমদ বলেন, চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ১ নং খাস খতিয়ানভূক্ত উচ্ছেদ মামলা নং ০৯/২০২৫ এর রায় বাস্তবায়নে খাল শ্রেণি ভূমিতে ২১ টি টিনশেড ও সেমিপাকা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।