শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০১:৫৮ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০১:৫৮ পিএম
শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপাকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে প্রসিকিউশনের আবেদনের পর তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউশন দাবি করে, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পরিকল্পিত। সে সময় হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ জানায়, ঘটনার পেছনে সমন্বিত পরিকল্পনা ও ষড়যন্ত্র ছিল।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এর আগে একই মামলায় সাবেক আইজিপি একেএম শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলেও জানানো হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন।

শাপলা চত্বরের ঘটনাটি দীর্ঘদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি বিষয়। বিভিন্ন সময়ে হতাহতের সংখ্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং ঘটনাপ্রবাহ নিয়ে বিতর্ক তৈরি হয়। সাম্প্রতিক সময়ে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে