বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের কার্যকারিতা, সংস্কার কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে জামায়াতে আমিরের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহের প্রেক্ষাপটে এই বৈঠক তাৎপর্যপূর্ণ।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।