পিরোজপুর তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহসপতিবার মরহুমের প্রতিষ্ঠিত তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের সন্তান পিরোজপুরের বিশিষ্ট রাজনীতিক জেলা পরিষদের প্রশাসক তেজদাসকাঠী কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সমপদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, বিশেষ অতিথি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, তেজদাসকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলী খানম, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী প্রমুখ।
আলোচনায় বক্তারা সমাজে আব্দুস সোবহান এর অবদানের কথা উল্লেখ করে বলেন তিনি শিক্ষা বিস্তারে শিশু শিক্ষালয় থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অবদানে নিজ গ্রাম তেজদাসকাঠীসহ সন্নিহিত গ্রামের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সমাজ হিতৈষী ব্যক্তি।
আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।