এক দশক আগের গান কাঁপাচ্ছে নেট দুনিয়া

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:৩১ পিএম
এক দশক আগের গান কাঁপাচ্ছে নেট দুনিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গানের তালিকায় নতুন করে যোগ হয়েছে বেলজিয়ান শিল্পী স্ট্রমির জনপ্রিয় গান ‘পাপাউতে’। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই বেলজিয়ান হিপ-হপ গানটি ২০২৬ সালেও এসে নেটিজেনদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে। তবে গানটির তালে রিল বা ভিডিও তৈরি হলেও এর নেপথ্যে রয়েছে এক বুক ফাটা আর্তনাদ ও বিষাদময় ইতিহাস। গানের শিরোনাম ‘পাপাউতে’ মূলত ফরাসি শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ ‘বাবা, তুমি কোথায়?’ গানটির কথা ও সুরের মাধ্যমে ফুটে উঠেছে বাবা না থাকার যন্ত্রণা। ১৯৯৪ সালের ভয়াবহ রোয়ান্ডা গণহত্যার নৃশংসতায় ফুটে উঠেছে। বেলজিয়ান গায়ক ও প্রযোজক স্ট্রমি, যার আসল নাম পল ভ্যান হেভেন। মাত্র ৯ বছর বয়সে জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হন তিনি। রোয়ান্ডা গণহত্যা চলাকালীন নিজ পরিবারকে দেখতে গিয়ে প্রাণ হারান তার বাবা। বাবার সেই চিরতরে হারিয়ে যাওয়ার হাহাকার বুকে নিয়েই ২০১৩ সালে ‘রাসিন কারি’ অ্যালবামের জন্য এই গানটি তৈরি করেন তিনি। স্ট্রমি তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাবাকে তিনি কখনোই সেভাবে পাশে পাননি। কর্মসূত্রে তার বাবা বেলজিয়াম ও রোয়ান্ডার মধ্যে যাতায়াত করতেন। সারাজীবনে মাত্র বিশবারের মতো বাবার দেখা পেয়েছিলেন তিনি। গায়কের ভাষায়, ‘বাবা মারা যাওয়ার অনেক আগে থেকেই তিনি আমার কাছে অদৃশ্য ছিলেন। তাই তার মৃত্যুসংবাদ পেয়ে আমি কাঁদতেও পারিনি। শৈশবে যে বাবাকে দেখা যায় না, তাকে পরে আর ফেরানো সম্ভব নয়।’ এই গানে দেখা যায়, জ্যামিতিক নকশার পোশাক পরে গায়ক নির্বাক পুতুলের মতো দাঁড়িয়ে আছেন, আর তার চারপাশ ঘিরে ড্রাম বাজাচ্ছেন আদিবাসী ঢাকিরা। মূলত ‘বাবা থাকা আর থেকেও না থাকার’ মধ্যকার যে শূন্যতা, সেটিই গানে ফুটিয়ে তুলেছেন এই গায়ক। উল্লেখ্য, ২০০৯ সালে স্ট্রমির ‘আলোর্স অন ডান্সে’ ১৭টি দেশে সুপারহিট হয়েছিল। এরপর ২০১০ সালে তার প্রথম অ্যালবাম ‘চিস’ মুক্তি পায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘পাপাউতে’ গানের মাধ্যমে নেটিজেনরা সেই পুরনো আবেগঘন মুহূর্তগুলোকেই নতুন করে ভাগ করে নিচ্ছেন।