কোনো কষ্ট ছাড়াই ক্রিস্টাল প্যালেসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির ব্যবধান এখন মাত্র ২ পয়েন্ট। ফলে চাপ বাড়লো আর্সেনালের ওপর। এমন ফলাফলে মৌসুমের শেষ সপ্তাহ পর্যন্ত জমে থাকলো শিরোপা লড়াই। পেপ গার্দিওলার দলের জানাই ছিল, এই ম্যাচ হারলে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে। কেননা আগামী সোমবার বার্নলিকে হারাতে পারলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে আর্সেনাল। তবে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে শিরোপার দৌড় শেষ সপ্তাহ পর্যন্ত টেনে নিয়েছে ম্যান সিটি। এফএ কাপ ফাইনালের কথা মাথায় রেখে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোচ গার্দিওলা। বিশ্রামে রাখা হয় আর্লিং হালান্ড, রায়ান চেরকি এবং সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা জেরেমি ডোকুকে। শুরুর দিকে কিছুটা ছন্দহীন ছিল সিটি। তবে ম্যাচে প্রাণ ফেরান ফিল ফোডেন। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের চমৎকার ব্যাকহিল পাস থেকে গোলের সুযোগ পান অ্যান্তেনিও সেমেনো। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। এরপর ফোডেনের আরেকটি পাস থেকে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমুশ। ক্রিস্টাল প্যালেসের হয়ে সবচেয়ে ভালো সুযোগটি আসে টাইরিক মিচেলের জোরালো শট থেকে। তবে সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। শেষদিকে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন সাভিনহো।