সীতাকুণ্ডে মধ্যরাতে জুয়ার আসরে প্রশাসনের হানা

এনএসআইয়ের গোপন তথ্যে আটক ৩ জুয়াড়ি, কারাদণ্ড

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ১০:৩৫ এএম
এনএসআইয়ের গোপন তথ্যে আটক ৩ জুয়াড়ি, কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স), চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১১টা থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সোহেল ট্রান্সপোর্টের একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা কয়েকজন ছত্রভঙ্গ হয়ে পড়লেও ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। এসময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- নাজিম উদ্দিন (৪৮), পিতা মৃত আবুল হায় সওদাগর, বাড়ি কদমরসুল, সোনাইছড়ি; মোঃ আজম (২৬), পিতা মৃত আবু তাহের, বাড়ি শীতলপুর, সোনাইছড়ি; এবং মোঃ কামাল (৫৮), পিতা মোঃ শাহ আলম, বাড়ি রামগতি আলেকজান্ডার, নোয়াখালী। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম জানান, জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকজনকে জুয়ারত অবস্থায় পাওয়া যায়। একজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রচলিত জুয়া আইনে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়ার আসর বসার অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর বার্তা গেছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে