জলাবদ্ধতা ও চুরি প্রতিরোধে দ্রূত ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:০৭ পিএম
জলাবদ্ধতা ও চুরি প্রতিরোধে দ্রূত ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বৃহস্পতিবার তিনি এসব কর্মসূচি বাস্তবায়ন করেছেন। দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কলেজের অধ্যক্ষ, স্কুল শিক্ষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নিজাম উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, মো. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহিরূল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও সুকের পরিচালক মো. মোমিন হোসেন প্রমূখ। সরাইল পাবলিক লাইব্রেরীর বর্তমান দূর্দশার চিত্র, মাদকের বিস্তৃতি, সরাইল সদরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদূর্ভোগ ও উপজেলা প্রশাসন পাড়ায় নিয়মিত চুরি হওয়ার বিষয় গুলো গুরূত্ব সহকারে জেলা প্রশাসককে অবহিত করেন বক্তারা। এছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী জনসচেতনতা ও বাল্যবিয়ে প্রতিরোধকরণ বিষয়ে সভায় আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, পাবলিক লাইব্রেরীর বিষয়টি আমি জানি। দ্রূততম সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরীটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নিব। আর মাদকের বিষয়ে কোন ধরণের ছাড় নেই। উপজেলার মাদক প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে উপজেলা প্রশাসন পাড়ার বিভিন্ন সরকারি দফতরে নিয়মিত চুরি ঠেকাতে সাবির্ক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তার দফতর, সহকারী কমিশনারের (ভ’মি) কার্যালয়, সরাইল থানা, সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়, সরাইল একাডেমি ও উপজেলা পাবলিক লাইব্রেরীটি পরিদর্শন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে