দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় গ্রিডের বিদ্যুতের আওতায় আসছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। এ খবরে পুরো উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় জনগণ এ অর্জনের কৃতিত্ব দিচ্ছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন 'কে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরা উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করেছে। ওজোপাডিকো নদীপথে কলাতলি থেকে মনপুরা ইউনিয়ন পর্যন্ত টেন্ডার আহ্বান করেছে এবং পল্লী বিদ্যুতের পক্ষ থেকে চরমোজাম্মেল থেকে কলাতলি পর্যন্ত কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনপুরাবাসী মনে করছেন, প্রায় ৫০০ বছরের পুরনো এ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
জাতীয় গ্রিডের বিদ্যুতের সুখবর ছড়িয়ে পড়লে গত ১৪ মে বাদ মাগরিব মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন এবং সদস্য সচিব হাফেজ আবদুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ প্রিন্স, বিএনপি নেতা মোঃ মোরশেদ উদ্দিন, মোঃ মনিরুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন হাওলাদার পৃথক শুভেচ্ছা বার্তায় মনপুরাকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর ভূমিকার প্রশংসা করেন এবং তাকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বছরের অপেক্ষার পর জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে-এমন খবরে মনপুরাবাসীর মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।