দশ বছর, বিশটি ট্রফি, এক যুগের অবসান

সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৪:৪৫ পিএম | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৭:৪৫ পিএম
সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা

ট্রফিতে ঠাসা এক দশক পার করে ম্যানচেস্টার সিটির ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা। শুক্রবার (২২ মে) সিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৫-২৬ মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। রোববার (২৪ মে) ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতেই তাকে শেষবারের মতো সিটির বেঞ্চে দেখা যাবে।

গত সোমবার (১৮ মে) সংবাদমাধ্যমে বিদায়ের খবর প্রথম ছড়িয়ে পড়লেও তখন মুখ খোলেননি গার্দিওলা। তার ২৪ ঘণ্টা পরেই ২২ বছরের অপেক্ষা শেষ করে আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয়। এর আগের শনিবার (১৭ মে) চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল সিটি, যেটি ছিল গার্দিওলার অধীনে ক্লাবের ১৭তম বড় শিরোপা।

গার্দিওলার দেওয়া বিদায়ী বিবৃতিতে কোনো আক্ষেপ নেই, আছে কৃতজ্ঞতা। তিনি বলেছেন, "আমরা একসাথে কী দারুণ সময়টাই না কাটিয়েছি! আমার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করবেন না। কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে, এটাই আমার চলে যাওয়ার সঠিক সময়।" পরে সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট করেন বিষয়টি। দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় ইয়ুর্গেন ক্লপ যেমন 'প্রাণশক্তি ফুরিয়ে আসা'র কথা বলেছিলেন, ঠিক একই অনুভূতির কথা জানালেন গার্দিওলাও।

"আমার প্রাণশক্তি ছিল এবং এখনো আছে, কিন্তু আর থাকবে না। প্রতি তিন দিন অন্তর এই কাজের জন্য যে প্রাণশক্তির দরকার হয়, শিরোপার প্রত্যাশা, খেলোয়াড়দের সামনে থাকা, এই সবকিছু সামলানোর সেই শক্তি আর থাকবে না।" কোচিং ছাড়লেও একেবারে সিটি থেকে বিচ্ছিন্ন হবেন না তিনি। সিটি ফুটবল গ্রুপের দূত হিসেবে বিশ্বজুড়ে কাজ চালিয়ে যাবেন।

ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি ঘরোয়া কাপসহ মোট ২০টি শিরোপা নিয়ে বিদায় নিচ্ছেন গার্দিওলা। ২০২৩ সালে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছিল তার শ্রেষ্ঠ মুহূর্ত, সেই সঙ্গে ওই মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ ট্রেবল জয় করেছিল দলটি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত টানা চারটি লিগ শিরোপাও ইংলিশ ফুটবলের ইতিহাসে নজিরবিহীন।

গার্দিওলার পরে ইতিহাদে কে আসছেন, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও গুঞ্জনটা জোরালো। ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার সহকারী হিসেবে সিটিতে ট্রেবলের অংশীদার ছিলেন ইতালিয়ান কোচ এনজো মারেস্কা, পরে চেলসির কোচের দায়িত্ব পালন করা এই কোচই নাকি গার্দিওলার উত্তরসূরি হতে চলেছেন। তবে গার্দিওলার শূন্যস্থান পূরণ করা কতটা কঠিন হবে, সেটা সহজেই অনুমেয়।

গার্দিওলার প্রভাব শুধু সিটির মধ্যেই সীমাবদ্ধ নয়। এবার প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের কোচ মিকেল আর্তেতা ছিলেন তারই সাবেক সহকারী। লিভারপুলের কোচ আর্নে স্লট বলেছেন, গার্দিওলার বার্সেলোনার খেলা দেখেই তিনি নিজের কোচিং দর্শন তৈরি করেছেন। চেলসির নতুন কোচ জাবি আলোনসো খেলোয়াড়ি জীবনের শেষদিকে তার অধীনে কাজ করতেই বায়ার্নে গিয়েছিলেন।

২০১৬ সালে ইংল্যান্ডে আসার আগে বার্সেলোনায় দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা, বায়ার্নে তিনটি বুন্দেসলিগা জিতেছিলেন গার্দিওলা। সব মিলিয়ে আধুনিক ফুটবলের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবেই ইতিহাদের দরজা বন্ধ করছেন তিনি।